হরতালের মধ্যে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন, পিকআপে আগুন
পুলিশ সদস্যরা নেমে গেলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল বাহনটি।
বিএনপির ডাকা হরতালের মধ্যে গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে রাজপথে বিক্ষোভ করেছে আন্দোলনরত শ্রমিকরা।
আন্দোলন চলাকালে রোববার সকালে কোনাবাড়ি এলাকায় শিল্প পুলিশের সদস্যদের বহন করা একটি পিকআপে অগ্নিসংযোগ করা হয়েছে বলে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা থেকে কোনাবাড়ি, ভোগড়ার আশপাশে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বেতন বাড়ানোর দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রাজপথে মিছিল করে।
এর মধ্যে শিল্প পুলিশ সদস্যদের বহন করা একটি পিকআপ কোনাবাড়ি এলাকায় গিয়ে দাঁড়ায়। পুলিশ সদস্যরা নেমে গেলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল বাহনটি। তখন সেটি উল্টে তাতে আগুন দেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি আশরাফ উদ্দিন দাবি করেন, “শ্রমিকরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মহাসড়কে অবরোধ তৈরি করে। পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে এবং কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
“কিন্তু এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশের ব্যবহৃত ব্যক্তি মালিকানাধীন একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
তবে এ ব্যাপারে চেষ্টা করেও আন্দোলনরত গার্মেন্ট শ্রমিক বা ওই অঞ্চলের শ্রমিক নেতাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
