বাঁশ-বেতের পণ্যে ‘আবার সুদিন’
সারাদেশে প্রায় ২৬ হাজার প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও প্রায় সোয়া চার লাখের তথ্য নেওয়া হয়েছে প্রশিক্ষণ দেওয়ার জন্য।
অ্যালুমিনিয়াম আর প্লাস্টিক পণ্যের আগ্রাসনের মুখে পৈতৃক পেশা ছেড়ে দেওয়ার পর আবার ফিরিয়ে এনেছে গোপালগঞ্জের ১২ পরিবার।
জেলার টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের এই পেশাজীবীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তাদের ‘পুনরুজ্জীবনের’ গল্প।
৩২ বছর বয়সী শিল্পী বিশ্বাস বলেন, “বাঁশ-বেতের কাজ আমাদের আদি পৈতৃক পেশা। আমি বাঁশ-বেতের সব কাজ জানি। চালন, কুলা, ডোলা, খালই, পোলো, মাছ শিকারের দুফরসহ সব জিনিস বানাতে পারি।
“অ্যালুমিনিয়াম আর প্লাস্টিক পণ্যের ব্যাপক প্রচলন হওয়ায় আমাদের জিনিসপত্তরের চাহিদা দিন দিন কমছে। এ কারণে আদি পেশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। স্বামী-সন্তান নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলাম।”
সেই পেশা কিভাবে ফিরিয়ে আনলেন সে বিষয়ে শিল্পী বলেন, “সমাজসেবা অধিদপ্তর আমাদের বিক্রির বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। পরে বুঝতে পারছি এসব জিনিসের একটা বাজার আছে।”
প্রশিক্ষণ শেষে সমাজসেবা অধিদপ্তর তাকে ১৮ হাজার টাকাও দিয়েছে। এই টাকা দিয়ে বাঁশ-বেত কিনেছেন বলে জানান শিল্পী বিশ্বাস।
তিনি বলেন, “বাজারে বাঁশ-বেতের জিনিসের চাহিদা রয়েছে। বিক্রিও দেখছি ভাল হচ্ছে। সম্প্রতি এখান থেকে প্রতিদিন আটশ থেকে হাজার টাকা আয় করতে পারছি। মনে হচ্ছে বাঁশ-বেতের পণ্যে আবার সুদিন আসছে।”
সংসারে স্বস্তি ফিরেছে জানিয়ে তিনি বলেন, “সন্তানদের পড়াশোনা করাতে পারছি। আমরা এখন বেশ ভাল আছি। এছাড়া আমাদের বাড়িঘরের খারাপ আবস্থা দেখে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন প্রশানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ দিয়েছে। আমরা ওই ঘরে চলে যাব।”
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে নিলফা বাজার সংলগ্ন সরকারি জমিতে খুপড়ি ঘরে বাস করে প্রান্তিক জনগোষ্ঠীর ১২টি পরিবার। তারা বাপ-দাদার আমল থেকে বাঁশ-বেতের পণ্য তৈরি করে।
নিলফা গ্রামের গৃহবধূ ববিতা রায় (৩৫) বলেন, “আমরা সবচেয়ে অবহেলিত ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। টাকা দিয়েছেন। এখন কর্মসংস্থানের অবলম্বন পেয়েছি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ঘরও দিয়েছেন। প্রধানমন্ত্রীর দুই উপহারে জীবন বদলে গেছে।
“স্বামী-সন্তান নিয়ে ভাল আছি। স্বামীর সঙ্গে প্রতিদিন বাঁশ-বেতের কাজ করে পাঁচশ থেকে হাজার টাকা আয় করতে পারছি। আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।”
হাট-বাজারে সম্প্রতি বাঁশ-বেতের পণ্যের চাহিদা বেড়েছে বলে জানান একই গ্রামের সমর দাস।
কারণ হিসেবে তিনি বলেন, “এখন খুব কম মানুষ এই পণ্য নিয়ে বাজারে যায়। বাজারে এই অল্প পণ্য নিয়ে গেলেই বিক্রি হয়ে যায়। যদি ঢাকাসহ বিভিন্ন জেলায় এ পণ্যের বাজার সৃষ্টি করা যায় তাহলে আমরা আরও বেশি দাম পেয়ে লাভবান হতে পারব।”
সারাদেশে কামার-কুমারসহ পাঁচ শ্রেণির প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজসেবা অধিদপ্তর সমাজের মূলধারায় ফেরাতে প্রকল্প নিয়েছে।
“দেশের বিভিন্ন এলাকায় প্রান্তিক উৎপাদকদের পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আশা করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই শ্রেণির মানুষ তাদের পণ্যের ভাল দাম পাবেন,” বললেন গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদ।
এ বছর সারাদেশে প্রায় ২৬ হাজার প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ পরবর্তী কার্যক্রম পরিদর্শন করেন সচিব মো. জাহাঙ্গীর।
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আদি পেশা যেন হারিয়ে না যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে। উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদের উন্নয়নের মূলধারায় আনা হচ্ছে।
“সারাদেশে অনলাইন জরিপের মাধ্যমে প্রায় সোয়া চার লাখ প্রান্তিক জনগোষ্ঠীর ডাটাবেইজ তৈরি করা হয়েছে। যথাযথ প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক অনুদান ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে তাদের পেশা টিকিয়ে রাখা হবে।”
