বাবাকে কুপিয়ে হত্যা করল তিন ছেলে: পুলিশ
পুলিশের ভাষ্য, মায়ের গায়ে হাত তোলায় বাবাকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় ছেলেরা।
মুন্সীগঞ্জ সদরে পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যার কথা জানিয়েছে পুলিশ; এ ঘটনায় দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন।
গ্রেপ্তাররা হলেন নিহত নুরুল ইসলাম হাওলাদারের বড় ছেলে সুমন হাওলাদার ও মেজ ছেলে মোহাম্মদ আলী। তবে সেজ ছেলে রাসেল হাওলাদার পলাতক রয়েছেন।
পুলিশের ভাষ্য, মায়ের গায়ে হাত তোলায় বাবাকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় ছেলেরা।
সোমবার ভোরে উপজেলার কালীচরের আধারা থেকে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “পারিবারিক কলহের জেরে নুরুল ইসলাম রোববার সকালে তার স্ত্রী তাছলিমা বেগমকে মারধর করেন। পরে স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করিয়ে মেয়ের বাড়ি মুক্তারপুরে রেখে নুরুল তার বোনের বাড়িতে যান।
“এদিকে মাকে মারধর করায় ক্ষুব্ধ ছেলেরা ফুপুর বাড়ি থেকে তাদের বাবাকে জোর করে বাড়িতে নিয়ে আসেন। পরে কথা-কাটাকাটির এক পর্যায়ে দা দিয়েছে কুপিয়ে বাবাকে হত্যা করেন তারা।”
তিনি আরও বলেন, “নিহতের ঘরের চৌকিতে রক্তের দাগ দেখে প্রথমে সন্দেহ করা হয়। পরে ছেলেদের জিজ্ঞাসাবাদে ঘটনার ১৭ ঘণ্টার মধ্যে এ হত্যার রহস্য উদঘাটন করা হয়।”
এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা করেছেন নিহতের বোন হামিদা বেগম। মামলায় নিহতের তিন ছেলেসহ অজ্ঞাত পরিচয় আরও দুইজনকে আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, “নুরুল ইসলাম নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় নিহত হয়েছেন, এমনটা বিশ্বাস করে প্রথমে তদন্তে নামে চর আব্দুল্লাহ নৌ-পুলিশ।
“পরে প্রকৃত ঘটনা উদঘাটনে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তেই বেরিয়ে আসে নুরুল ইসলাম নিজ বাড়িতেই খুন হয়েছেন।”
আরও পড়ুন-
