২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে শুরু হলো ‘জনতার হাট-বাজার’

‘পাইকারি দামে খুচরায় বিক্রয়’ শ্লোগানকে সামনে রেখে প্রতিদিন দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই হাট-বাজার।

কুড়িগ্রামে শুরু হলো ‘জনতার হাট-বাজার’

কুড়িগ্রামের কলেজ মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রোববার যাত্রা শুরু করে জনতার হাট-বাজার। 

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 01:04 AM

Updated : 10 Apr 2023, 01:04 AM

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষদের একটু স্বস্তি দিতে কুড়িগ্রামে শুরু হয়েছে ‘জনতার হাট-বাজার’।

রোববার দুপুরে জেলার কলেজ মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অপ্রতিরোধ্য কুড়িগ্রাম’ এ আয়োজন করেছে।

স্বেচ্ছাসেবী সংগঠনটি জানায়, এখানে ৩০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। ‘পাইকারি দামে খুচরায় বিক্রয়’ শ্লোগানকে সামনে রেখে  প্রতিদিন দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই হাট-বাজার।

এখানে পাইকারি মূল্যে এক লিটার সয়াবিন তেল ১৮০ টাকা, পাঁচ লিটার সয়াবিন তেল ৮৫০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৮৫ টাকা, ছোলা বুট ডাল ৮২ টাকা, মুগ ডাল ৮৮ টাকা, অ্যাংকার ডাল ৬০ টাকা, লবণ ৩৬ টাকা, চিনি ১০৫ টাকা, এক হালি ডিম ৩৬ টাকা, চাল (গুটি স্বর্ণা) ৪৩ টাকা, পাইজাম চাল ৪৭ টাকা, চিকন চাল ৫৩ টাকা, মোটা চাল ৩৫ টাকা, রুহ আফজা ছোট বোতল ১৭৫ টাকা এবং বড় বোতল ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এখানে বাজার করতে আসেন রিকশা চালক শফিকুল।

তিনি বলেন, “রিকসা চালিয়ে ৩০০ থেকে ৪০০ টাকা আয় করে বাজার ঢুকতে ভয় হয়। জিনিসপত্রের এমন দাম তাতে চাল কিনলে নুন নাই আবার নুন কিনলে চাল নাই।

“মাছ, মাংস তো এলা স্বপ্ন দেখার মতো। এই বাজারে এসে ৩৫ টাকায় চালের দাম দেখে অবাক হইছি। এই বাজারে পাইকারি মূল্যে জিনিস পাওয়া যাচ্ছে। এতে করে হামার মতো খেটে খাওয়া মানুষের উপকার হইছে।”

জনতার হাট-বাজারে এসে আকলিমা বেগম বলেন, “জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে দারিদ্র্য পীড়িত কুড়িগ্রামের মানুষ কী পরিমাণে কষ্টে আছে তা ভাষায় প্রকাশ করা যায় না। অনেক পরিবার আছে আত্মসম্মানের জন্য ত্রাণ নিতে পারে না। কিন্তু এই বাজার চালু হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য একটু স্বস্তি বয়ে আনবে।”

স্বেচ্ছাসেবী অপ্রতিরোধ্য কুড়িগ্রামের কর্ণধার অন্তু চৌধুরী বলেন, “সর্বস্তরের মানুষের জন্য জনতার হাট বাজার চালু করা হয়েছে। এই বাজারে পাইকারি মূল্যে খুচরা বাজার করা যাবে। আমাদের লক্ষ্য এই রমজানে যে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি তার থেকে সাধারণ মানুষ কিছুটা যেন স্বস্তি পায়।

“ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই বাজার। কয়েকদিন পর থেকে সেমাই, মসলা, শাকসবজি, গরুর মাংস বিক্রি করা হবে। আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়নে ভর্তুকির দিয়ে এই বাজার চালু করা হয়েছে।”

জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে পাইকারি দামে কিনে খুচরা মূল্যে বিক্রি করা হয়ে থাকলে তা মানুষের উপকারে আসবে এবং এর প্রভাব বাজারেও পড়বে।”