পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি পাথর শ্রমিক আহত
এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছে বিজিবি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে এক শ্রমিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কদমতলা এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তে ৭৩১ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক জানান।
গুলিবিদ্ধ শ্রমিক হুমায়ূন ফরিদ (২৪) বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীর জোত এলাকার তমিরুল ইসলামের ছেলে।
পাথর শ্রমিক তরিকুল ইসলাম (২৩) অভিযোগ করেন, “আমরা কয়েকজন মিলে মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে যাই। নদীতে নেমে কাজ শুরু করা মাত্রই বাংলাদেশের সীমান্তে ঢুকে বিএসএফের দুই সদস্য। তারা ফরিদের পায়ে গুলি করে পালিয়ে যায়। এতে আমরা ভীত হয়ে পড়ি।“
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জামিরুল ইসলাম বলেন, “সকালে শুনতে পাই, এক পাথর শ্রমিককে গুলি করেছে বিএসএফ। পরে ফরিদকে উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পঞ্চগড আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।“
বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক বলেন, “এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। এতে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। এ ঘটনায় কোন বিএসএফ সদস্য জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা।
দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে ৭৩২ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক ও বিএসএফের ১৭৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এস এস শিরোহীসহ উভয় পক্ষের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
