নেত্রকোণায় ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক নিহত
ভিজিডির কার্ড নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজিত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে সালামের বুকে কোপ দেন তিনি।
নেত্রকোণায় পারিবারিক কলহের জেরে ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে সদর উপজেলার বাগড়া গ্রামে এই ঘটনা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
নিহত আব্দুস সালাম (৫০) সদর উপজেলার বাগড়া গ্রামের মো. রুমালী মিয়ার ছেলে। তার ভগ্নিপতি হচ্ছেন, একই গ্রামের আবুল হাসেম (৬৫)।
স্বজনদের বরাতে ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় আবুল হাসেম নিজ বাড়িতে দা দিয়ে বাঁশের কাজ করছিলেন। এসময় শ্যালক সালামের সঙ্গে ভিজিডির কার্ড নিয়ে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে সালামের বুকে কোপ দেন তিনি। এতে গুরুতর আহত হন সালাম। তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পাশাপাশি হত্যাকারী গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
