২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে গ্যারেজের সামনে রাখা অটোরিকশা পোড়াল দুর্বৃত্তরা

পুলিশ জানায়, অটোরিকশার চালক বাদী হয়ে থানায় মামলা করেছেন; রোববার দুপুর পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 03:56 PM

Updated : 24 Dec 2023, 03:56 PM

ফেনীতে গ্যারেজের সামনে মেরামতের জন্য রাখা একটি অটোরিকশা পুড়িয়েছে দুর্বৃত্তরা।

বিএনপির ডাকা অবরোধ শুরুর আগে শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনী শহরের দাউদপুর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী।

অটোরিকশাটির চালক মুরাদ হোসেন বলেন, রাতে অটোরিকশাটি মেরামত করতে দাউদপুর কাঁচাবাজার এলাকায় গ্যারেজে নিয়ে যান। কিছুক্ষণ পর মাস্ক পরা কয়েক যুবক সেখানে এসে অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

“এ সময় যুবকদের একজনের মুখের মাস্ক খুলে পরায় তিনি কামাল নামে একজনকে চিনতে পারেন। কামাল শহরের দাউদপুর মাহবুব উল হক পেয়ারা সুইমিংপুলের পাশে আরামবাগ এলাকায় বসবাস করেন। তিনি কামালকে চিনতে পারায় তাকে (মুরাদ) মারধরের চেষ্টা করেন অন্য যুবকেরা।”

গ্যারেজের মিস্ত্রি জাহিদ বলেন, “আগুন দেখে পাশের খাল থেকে পানি এনে আগুন নেভানোর আগেই গাড়ির অধিকাংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফেনী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।”

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মজিদ বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।”

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, অটোরিকশার চালক মুরাদ হোসেন শহরের আরামবাগ এলাকায় বসবাস করেন। দুর্বৃত্তদের দলে থাকা কামালও একই এলাকায় বসবাস করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় রাতেই অটোরিকশার চালক বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় কামালের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়েছে। পুলিশ রোববার দুপুর পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।