২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে জ্বালানির দাম দ্বিগুণ, আমরা কিন্তু তা করিনি: তথ্যমন্ত্রী

‘বিশ্বে জ্বালানির দাম কমলে এখানেও কমবে’

বিশ্বে জ্বালানির দাম দ্বিগুণ, আমরা কিন্তু তা করিনি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ (ডানে)

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2022, 04:39 PM

Updated : 12 Aug 2022, 04:39 PM

ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে সমন্বয় করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, “সারা বিশ্বে তেলের দাম শতভাগ বৃদ্ধি পেয়েছে। সেখানে আমরা কিন্তু তা করিনি। মূল্য সমন্বয় করে তেলের দাম পশ্চিমবঙ্গের সমান করা হয়েছে।”

শুক্রবার দুপুরে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শোকসভার আয়োজন করে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ। সেখানে যোগ দিয়ে তিনি এসব তথ্য দেন।

মন্ত্রী বলেন, একদিকে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ। অন্যদিকে চীন ও তাইওয়ান মুখোমুখি। বিশ্বের সব জায়গায় অস্থিরতা। এ অবস্থায় জ্বালানির মূল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এখন সামান্য কমেছে। সেটাও অনেক বেশি।

“আগামীতে যখন বিশ্বে জ্বালানির মূল্য কমবে তখন আমরাও কমাবো। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।”

পুরনো খবর:

দেশে জ্বালানি তেলের দাম এখনও অনেক দেশের চেয়ে কম: তথ্যমন্ত্রী
ডিজেল ও কেরোসিনের দাম এক ধাক্কায় ৪২.৫%; অকটেন ও পেট্রোলে ৫১% বাড়ল

গত ৫ অগাস্ট রাতে জ্বালানির দাম সর্বোচ্চ ৫১ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় সরকার।

ওই দিন রাত ১২টা থেকে ডিজেল ও কেরোসিনের লিটার ৮০ থেকে বেড়ে ১১৪ টাকা, অকটেন ৮৯ থেকে ১৩৫ টাকা এবং পেট্রোল ৮৬ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ সভা পরিচালনা করেন।