খুলনায় পাওনা পরিশোধের দাবিতে পাটকল মালিকের বাসভবন ঘেরাও
আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে মালিকের বাসভবনে লাগাতার অবস্থান ও তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।
খুলনার শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে মহসেন জুট মিল মালিকের বাসভবন ঘেরাও করে শ্রমিকেরা।
শনিবার দুপুরে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শ্রমিকরা একটি মিছিল নিয়ে নগরীর শেরেবাংলা রোড এলাকায় মিলের মালিক তাওহিদুল ইসলামের বাড়ি ঘেরাও করে।
এ সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ডসহ চূড়ান্ত পাওনাদি এককালীন দ্রুত পরিশোধের দাবি জানান।
সমাবেশে শ্রমিকরা বলেন, খুলনার শিরোমণি শিল্প এলাকার মহসেন জুট মিল নয় বছর ধরে বন্ধ আছে। ২০১৩ সালে কৃত্রিম অর্থসংকট দেখিয়ে শ্রম আইনকে তোয়াক্কা না করে মালিকপক্ষ মিল বন্ধ করে দেয় কিন্তু শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করেনি।
তারা আরও বলেন, মিল বন্ধ হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮২ জন শ্রমিক মৃত্যুবরণ করলেও তাদের পরিবার কোনো টাকা পায়নি। আরও বেশ কিছু শ্রমিক আছেন, যারা অসুস্থ ও অসহায় অবস্থায় অর্ধাহারে-অনাহারে দিন পার করছেন।
মিলের কাছে চার শতাধিক শ্রমিক-কর্মচারীর প্রায় ১১ কোটি টাকা পাওনা আছে বলেও বক্তারা জানান।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে মিল মালিকের বাসভবনে লাগাতার অবস্থান ও তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন।
