২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ আসনের সীমা জানেন না প্রার্থী, গুনলেন জরিমানা

“ভুল তথ্য দিয়ে লাগানো পোস্টার-ফেস্টুন ভোটারদের বিভ্রান্ত করে,” বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিজ আসনের সীমা জানেন না প্রার্থী, গুনলেন জরিমানা

ব্যানার-পোস্টারে নির্বাচনি আসনের সীমা নিয়ে ভুল তথ্য দেওয়ায় জরিমানা করা হয় নুরুল ইসলামকে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 02:23 PM

Updated : 30 Dec 2023, 04:37 PM

ব্যানার-পোস্টারে ফেনী-২ আসনের সঙ্গে অন্য আসনেরও একাংশের কথা উল্লেখ করে জরিমানা গুনেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম। 

শুক্রবার রাতে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজ্জা জানান।

ফেনী-২ আসনটি সদর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। কিন্তু মোমবাতি প্রতীকের নুরুল ইসলাম তার ব্যানার-পোস্টারে ফেনী সদরের সঙ্গে সোনাগাজীর একাংশও উল্লেখ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “প্রার্থী নিজেই জানেন না তার নির্বাচনি আসনের সীমানা। এমন ভুল তথ্য দিয়ে লাগানো পোস্টার-ফেস্টুন সাধারণ ভোটারদের বিভ্রান্ত করে।”

ফেনীর রির্টানিং কর্মকর্তা, জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার জানান, এ ঘটনায় জরিমানার পাশাপাশি ওই প্রার্থীর সকল পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।

জানতে চাইলে মাওলানা নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ফেনী জেলা কমিটির সহসভাপতি পদে দায়িত্বে রয়েছি। আসন সম্পর্কে শুরুতে আমার ধারণা ছিল না। আমার দলের জেলা সেক্রেটারি কাজি নুরুল আলম আমাকে বলেছিলেন, ফেনী সদর ও সোনাগাজীর একাংশ নিয়ে ফেনী-২ আসনের পরিধি। আমি সে অনুযায়ী সীমানা উল্লেখ করেছি।”

জরিমানার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, “আমি মোমবাতি প্রতীকের ১ হাজার পোস্টার, ৩০০ ফেস্টুন ও ১০টি ব্যানার ঝুলিয়েছি। তবে জরিমানার পর আমি ম্যাজিস্ট্রেট স্যারকে বলেছি, শহরের জিরো পয়েন্টে ট্রাংক রোডের পোস্টার, ব্যানার ও ফেস্টুনগুলো অপসারণ করে নেব।

“এছাড়া অন্যস্থানে লাগানো ব্যানার-পোস্টারে থেকে সোনাগাজীর একাংশ শব্দ দুটি কালি দিয়ে মুছে দেব।”