সাংবাদিককে ‘হুমকি’, জিডির পর থানায় হাজির হিরো আলম
এক সাংবাদিককে হুমকির একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি হয়।
বগুড়ায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি করার পর থানায় হাজির হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বুধবার তিনি বগুড়ার নন্দীগ্রাম থানায় হাজিরা দিতে যান বলে ওসি আনোয়ার হোসেন জানান।
ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিরো আলমকে থানায় ডাকা হয়েছিল। তদন্তকারী কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ওসি বলেন, তদন্তকারী কর্মকর্তা বলেছেন- ‘আপনি ফোনে সাংবাদিককে খারাপ কথা বলেছেন। সেটা ভাইরাল হয়েছে।’ তখন হিরো আলম বলেছেন- ‘এটা ভুল বোঝাবুঝি হয়েছে।’
জিডির বরাতে ওসি জানান, হিরো আলম ও তার সাবেক স্ত্রীকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক এমদাদুল। গত ২৭ জুলাই ওই সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেন হিরো আলম।
হুমকির একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়; এ ঘটনায় ৩০ জুলাই নন্দীগ্রাম থানায় জিডি করেন ওই সাংবাদিক।
হিরো আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংবাদিকরা যা ইচ্ছে তাই করবে নাকি? আমার মন্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করেছে। বকাবকি করে কি অন্যায় করেছি? আমার ফোন নম্বর ফেইসবুকে দিয়ে সাংবাদিকরা কি অপরাধ করেনি?”
তিনি আরও বলেন, “ওসি সাহেবের সাথে কথা বলতে থানায় গিয়েছিলাম। তদন্তকারী অফিসারসহ জনপ্রতিনিধি ছিলেন। দুই পক্ষের ভূল বুঝাবুঝি ছিল। পরে বিষয়টি মীমাংসা হয়। তারপর ঢাকায় চলে আসি।”
এই ঘটনা অনেকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা এটিএম রফিকুল ইসলাম বলেন, “মীমাংসা করতে ডাকা হয়নি। সাংবাদিকের জিডির বিষয়ে তদন্তের স্বার্থে হিরো আলমকে থানায় ডেকেছি।”
এ সময় নন্দীগ্রাম পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, থানার এসআই বিকাশ চক্রবর্ত্তী, জিডির তদন্তকারী কর্মকর্তা এটিএম রফিকুল ইসলাম ও সাংবাদিক আমিনুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
