২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার সেই কলেজে ‘ভর্তি প্রতারণা,’ ৯ জনের বিরুদ্ধে মামলা

পুলিশ জানায়, মামলায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে এজাহারনামীয় তিনকে গ্রেপ্তার করা হয়েছে; একজন পলাতক।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 07:05 PM

Updated : 20 Aug 2023, 07:17 PM

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ভর্তি প্রতারণার ঘটনায় নয় জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী এক শিক্ষার্থী।

শনিবার রাতে শ্মশানকান্দী এলাকার রাশাদুল ইসলাম নামে এক শিক্ষার্থী মামলাটি করেন বলে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান।

তিনি বলেন, মামলায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে গত শনিবার ভর্তি প্রতারণার অভিযোগে কলেজের তিন কর্মচারীকে আটক করে র‍্যাব ও পুলিশ। 

আটক তিন জন হলেন- শাজাহানপুর উপজেলার লতিফপুর দক্ষিণপাড়ার হারুনুর রশিদ (৪০), বগুড়া সদর উপজেলার জিগাতলার আমিনুর রহমান (৪৫) ও ইসলামপুর হরিগাড়ীর আব্দুল হান্নান (৪৫)। তারা সবাই শাহ সুলতান কলেজের অফিস সহায়ক।

মামলার এজাহারনামীয় এসব আসামিকে রোববার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

এজাহারনামীয় অপর আসামি শাজাহানপুরের ওমরদীঘি চন্দ্রহাটা গ্রামের কাওছার আলী (২৪)। তিনি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ছিলেন।  অন্য শিক্ষার্থীদের কাছে নিজেকে কলেজ ছাত্রলীগের কর্মী ও অফিসের কর্মী বলে পরিচয় দিতেন কাওছার।

পুলিশ বলছে, তিনি বর্তমানে পলাতক।

মামলার এজাহারে বলা হয়, ওই কলেজে মাস্টাররোলে চাকরিরত হারুন অর রশিদ মামলার এক নম্বর আসামি। তিনি এইচএসসিতে ভর্তির কথা বলে বাদীর কাছ থেকে ৫০ হাজার টাকা ও নম্বরপত্র নিয়েছিলেন। হারুনের সহায়তায় অন্য আসামিরা বাদী ছাড়াও হাবিবা আক্তার ও সাব্বির হোসেনের কাছ থেকে ২০ হাজার এবং মিলনের কাছ থেকে ১৮ হাজার টাকা করে নেন। সঙ্গে তাদের নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রও নেন হারুন।

মামলার নথি থেকে আরও জানা যায়, পরে ওই শিক্ষার্থীদের রোল নম্বরও দেওয়া হয়। সেই সুবাদে তারা ক্লাস করে, কলেজের পরীক্ষাগুলোতে অংশ নেয়।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে আদায় করেন আসামিরা।

কিন্তু পরীক্ষাকে সামনে রেখে প্রবেশপত্র চাইলে ওই শিক্ষার্থীদের বিভিন্ন অজুহাত দেখানো হতো।

এইচএসসি পরীক্ষার একদিন আগে শিক্ষার্থীরা কলেজে গিয়ে প্রবেশপত্রের জন্য হারুন ও অন্যদের চাপ দেয়। তখন কলেজের অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তারা জানতে পারে, তাদেরকে দেওয়া রোল নম্বরগুলো ভুয়া ছিল। কলেজে তাদের ভর্তির কোনো নথিও নেই। 

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। তারা একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি রাজশাহী বোর্ড থেকে চার সদস্যের একটি তদন্ত দল গত শনিবার কলেজে আসে।

তদন্তের এক পর্যায়ে ওইদিন বিকালে কলেজ চত্বর থেকে আমিনুর রহমান ও হারুন অর রশিদকে র‍্যাব আটক করে। আব্দুল হান্নানকে আটক করে শাজাহানপুর থানা পুলিশ। পরে রাতের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার চার নম্বর আসামি কাওছারের বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সাব্বির হোসেন বলে, “আমার আপন ফুফাতো ভাই কাওছার নিজেকে ছাত্রলীগের কর্মী ও অফিস স্টাফ পরিচয় দিত। আমার কাছ থেকে টাকা, মার্কশিট ও রেজিস্ট্রেশন কার্ড নিয়েছিল সে। এরপর আর তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারিনি। ফোন ধরে না, ফেইসবুকেও ব্লক করে রেখেছে।”

শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান বলেন, “কাওছার এই কলেজের শিক্ষার্থী ছিলেন। তবে তিনি ছাত্রলীগের কেউ না। এখন সে কলেজের শিক্ষার্থীও না। ও পুরোই প্রতারক।”

আরও পড়ুন:

পুরনো খবর:

বগুড়ার ২৫ শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে জানল তাদের ভর্তিই ছিল না