২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার ২৫ শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে জানল তাদের ভর্তিই ছিল না

ওই শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের কর্মচারীদের প্রতারণার কারণে প্রায় দুই বছর নিয়মিত ক্লাস করেও চূড়ান্ত পরীক্ষায় বসতে পারেনি তারা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 12:37 AM

Updated : 20 Aug 2023, 11:51 AM

নিয়ম অনুযায়ী অনলাইনে ভর্তি না হয়ে বিধি বহির্ভূতভাবে টাকা দিয়ে সরাসরি গিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছিলেন বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে। তারপর করেছে ক্লাস, অংশ নিয়েছে কলেজের পরীক্ষাতে। শেষে ফরম ফিলাপও করে। কিন্তু পরীক্ষার প্রবেশপত্র পায়নি।

এমন ২৫ শিক্ষার্থীর কেউ কেউ প্রবেশপত্র ছাড়াই পরীক্ষার হলে গিয়ে দেখে, তাদের কোনো সিট নেই। ফলে তাদের পরীক্ষায় বসা আর হয়নি। পরে খবর নিয়ে জানতে পারে, তাদের কোনো ভর্তিই ছিল না কলেজের খাতায়।

পুরো বিষয়টিই ছিল প্রতারণা। আর ২৫ ছাত্রের সঙ্গে প্রতারণার অভিযোগে এরই মধ্যে কলেজের তিন কর্মচারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষামন্ত্রীর নির্দেশে হয়েছে তদন্ত কমিটিও।

শনিবার বিকালে কলেজ চত্বর থেকে ওই তিন কর্মচারীকে আটক করা হয় বলে জানান র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন ও শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম।

আটকরা হলেন- প্রতিষ্ঠানটির অফিস সহকারী আমিনুল ইসলাম, আব্দুল হান্নান ও মাস্টার রোলে চাকরিরত হারুন অর রশিদ।

র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও র‌্যাব কলেজের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে মামলা হলে থানায় সোপর্দ করা হবে।”

ভুক্তভোগী শিক্ষার্থীদের কয়েকজন জানায়, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার শুরুর দিন ভোরে শাহ সুলতান কলেজে প্রবেশপত্র আনতে যায় তারা। সেখানে গিয়ে জানতে পারে, উচ্চ মাধ্যমিক শ্রেণিতে তাদের ভর্তিই করানো হয়নি।

ওই শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের কর্মচারীদের প্রতারণার কারণে প্রায় দুই বছর নিয়মিত ক্লাস করেও ১৭ অগাস্ট চূড়ান্ত পরীক্ষায় বসতে পারেনি তারা।

হাবিবুর রহমান নামে ভুক্তভোগী এক শিক্ষার্থীর ভাষ্য, “আমি হারুনের কাছে ১০ হাজার টাকা দিলে তিনি আমাকে কলেজে ভর্তির রশিদ দেন। তারপর আমি কলেজের ইউনিফর্ম বানিয়ে ক্লাস করতে থাকি। পরে পরীক্ষা এবং ফরম পূরণসহ বিভিন্ন সময় কলেজে এবং বোর্ডে জমা দেওয়ার কথা বলে তিনি আরও ৪০ হাজার টাকা নেন। নিয়মিত ক্লাস করার পাশাপাশি আমি টেস্ট পরীক্ষায় অংশ নেই, চূড়ান্ত পরীক্ষার জন্য ফরম ফিলাপও করি। পরীক্ষা সামনে রেখে প্রবেশপত্র চাইলে তিনি ১৬ অগাস্ট সকাল ১০টায় কলেজে যেতে বলেন।”

হাবিবুর আরও বলে, “তবে ওইদিন কলেজে গেলে তিনি (হারুনুর রশিদ) বলেন, প্রবেশপত্র প্রিন্ট হয়নি। রাজশাহী শিক্ষাবোর্ডে গিয়ে আনতে হবে। আমি রাজশাহী যাচ্ছি, তোমরা বিকাল পর্যন্ত অপেক্ষা কর।”

শারমিন নামে অপর এক শিক্ষার্থী বলে, “প্রবেশপত্র চাইলে আব্দুল হান্নান আমাকে পরীক্ষার দিন অর্থাৎ ১৭ অগাস্ট ভোরে কলেজে যেতে বলেন। ওইদিন ভোর ৬টা থেকে প্রায় এক ঘণ্টা অবস্থান করেও তাকে কলেজে না পেয়ে ফোন দিলে তিনি রিসিভ করেননি। পরে আমিসহ অন্যরা পরীক্ষাকেন্দ্র পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে গেলে সেখানে আমাদের কোনো সিট খুঁজে পাইনি।

“এরপর কলেজে এসে যোগাযোগ করে জানতে পারি, আমাদের ভর্তিই করানো হয়নি।”

এক প্রশ্নের জবাবে শারমিন আরও বলে, “অনলাইনে ভর্তির সুযোগ না পেয়ে আব্দুল হান্নানের কাছে গেলে তিনি বলেন, অফলাইনে ভর্তি করানো যাবে। এখন বুঝতে পারছি, তখন ভর্তির রশিদসহ যেসব কাগজপত্র দেওয়া হয়েছে সবই জাল।”

রাশেদুল হক, উম্মে হাবিবা, শরমিন জানাল, তাদের সঙ্গেও প্রতারণা করা হয়েছে।

তবে সব ভর্তি অনলাইনে হয় কিন্তু তোমরা জেনেও কেন এই ফাঁদে পা দিলে- এমন প্রশ্নে উত্তর দেয়নি কেউ।

এ ঘটনায় শিক্ষামন্ত্রীর নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবীরকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি ছাড়াও গত শুক্রবার শাহ সুলতান কলেজের পক্ষ থেকে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এরই মধ্যে শিক্ষামন্ত্রীর নির্দেশে গঠিত কমিটির চার সদস্য কথা বলেছেন অভিযোগ ওঠা কর্মচারী, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে।

এ ছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীদের লিখিত জবানবন্দিও নেওয়া হয় বলে জানান কমিটির আহ্বায়ক ও রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবীর।

তিনি সাংবাদিকদের বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আগামী ২১ অগাস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।”

শনিবার বোর্ড থেকে চার সদস্যের তদন্ত কমিটি পরিদর্শনে এসেছিল জানিয়ে সরকারি শাহ সুলতান কলেজের উপাধ্যক্ষ রেজাউন নবী বলেন, “তাদের পাশাপাশি আমাদের কমিটিও তদন্ত করছে। এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিবে। সে অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

অনলাইন ছাড়া ভর্তির কোনো সুযোগ নেই জানিয়ে উপাধ্যক্ষ আরও বলেন, “এখানে যারা অবৈধ কাজ করেছেন, তাদের উপযুক্ত শাস্তি তদন্ত সাপেক্ষে হোক। কিন্তু ওই ছেলে-মেয়েরাও নিশ্চয় অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।”