ফরিদপুরে বিলে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর
স্কুল ছুটির পর বাড়ি ফিরে দিপ্ত ছোট নৌকায় করে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে যায়।
ফরিদপুরের সালথা উপজেলায় শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে সাত বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু।
নিহত দিপ্ত মণ্ডল ওই গ্রামের কৃষক নিত্য মণ্ডলের ছেলে। সে স্থানীয় জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
শিশুটির চাচা হৃদয় মণ্ডল বলেন, “বুধবার দুপুর ১২টার দিকে দিপ্ত স্কুল ছুটির পর বাড়িতে আসে। খাওয়া-দাওয়া শেষে বাড়ির সামনে বিলে ছোট নৌকায় করে একাই শাপলা তুলতে যায়।
“শাপলা তুলে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় মা রিতা বিলের পাড়ে গিয়ে দিপ্তর স্যান্ডেল পানিতে ভাসছে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে পরিবারের লোকজন বিলে নেমে দিপ্তকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
একমাত্র ছেলেকে হারিয়ে শোকে নির্বাক মা-বাবা। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
