২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

অনিয়মের অভিযোগে সাত কেন্দ্রের ভোট বাতিল

সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নরসিংদী ও নারায়ণগঞ্জের পাঁচটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 05:57 PM

Updated : 07 Jan 2024, 06:40 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোর করে ব্যালটপেপারে সিল দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতটি কেন্দ্রের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন।

রোববার সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নরসিংদী ও নারায়ণগঞ্জের পাঁচটি কেন্দ্রের ভোট বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সকাল ৮টায় ভোট শুরুর পরপরই নরসিংদী-৪ আসনের বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয় বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম জানান।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন, ২ কেন্দ্রে ভোট বাতিল
জোর করে সিল, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর: নরসিংদীর ৩ কেন্দ্রে ভোট বাতিল

এ ছাড়া বেলা আড়াইটায় নরসিংদী-৩ আসনের শিবপুর উপজেলার দুলালপুর ফাজিল মাদ্রাসা ও ভিটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা বলেন, “ব্যালটপেপার ছিনতাই, কেন্দ্রে হামলা ও দুলালপুর ফাজিল মাদ্রাসার কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রেজাউল হাসানকে মারধরের অভিযোগে শিবপুরের দুলালপুরের একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

“একই সঙ্গে বাতিল করা হয়েছে ভিটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটিও।”

এছাড়া সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ-২ আসনের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ও পুরুষ কেন্দ্র দুটির ভোটগ্রহণ বাতিল করা হয় বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান।

তিনি বলেন, “জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সামনে ব্যালট বাক্স ভাঙচুর করার কারণে ওই বিদ্যালয়ের নারী ও পুরুষ কেন্দ্র দুটির ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।”