বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
যাত্রীবাহী একটি অটোরিকশা সারিয়াকান্দি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
বগুড়া সদরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন প্রাণ হারিয়েছেন; আহত হয়েছেন আরও দুই যাত্রী।
বৃহস্পতিবার গাবতলি-বগুড়া আঞ্চলিক সড়কের উপজেলার ছাতিয়ানতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান।
নিহতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) এবং ষাটোর্ধ্ব এক ব্যক্তি; যার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
আহতরা হলেন- গাবতলী উপজেলার অটোরিকশা চালক বাদশা মিয়া (৫০) ও যাত্রী সেনা সদস্য পলাশ মাহামুদ (২৩)। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়দের বরাতে শাহীনুজ্জামান বলেন, ভোরে বগুড়া শহর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা সারিয়াকান্দি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। আহত হয়েছেন চালকসহ আরও দুইজন।
খবর পেয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পরিদর্শক শাহীনুজ্জামান আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অটোরিকশাটি জব্দ করে নারুলি ফাঁড়িতে রাখা হয়েছে।
