গাজীপুরে মারধরের মামলায় ইউপি সদস্য আটক
‘মুরগি চুরির অভিযোগে সালিশে এক ব্যক্তিকে মারধর করেন তিনি। সে দৃশ্য ভিডিও করলে তাকেও সবার সামনে মারধর করেন তিনি।’
গাজীপুরে মারধরের মামলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক রাশেদুল হক সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান।
ওসি মামলার নথির বরাতে বলেন, “শুক্রবার বিকেলে বিকেবাড়ি সিটপাড়া এলাকায় সালিশে মুরগি চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করেন ইউপি সদস্য রাশেদুল হক। সেই দৃশ্য জুয়েল রানা নামে এক ব্যক্তি ভিডিও করেন। এ কারণে তাকেও সবার সামনে লাঠি দিয়ে মারধর করেন ইউপি সদস্য।”
মারধরের ভিডিও সোমবার বিকালে সামাজিক যোগাযোগ ছড়ায়। পরদিন ইউপি সদস্য রাশেদুল হকের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন জুয়েল।
ওসি মাহতাব উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে রাতেই রাশেদুলকে আটক করে পুলিশ। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
