জামালপুরে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করার সময় সীমান্ত ও মিনাল পানিতে পড়ে যায়।
জামালপুরের ইসলামপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে মামা-ভাগ্নে।
সোমবার দুপুরে পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ খানপাড়ায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইসলামপুর থানার এসআই মো. মাসুদ রানা।
নিহত শিশুরা হলো সিরাজাবাদ এলাকার ইব্রাহিম খলিলের ছেলে সীমান্ত ইসলাম (৭) এবং একই এলাকার শুক্কুর আলীর ছেলে মিনাল মিয়া (৮)।
তারা দুজনেই সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং সম্পর্কে মামা-ভাগ্নে।
পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল জানান, দুপুরে সীমান্ত ও মিনাল বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সানোয়ারা বেগম বলেন, ওই দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে এসআই মাসুদ রানা জানান।
