সিত্রাং: পদ্মায় সিমেন্ট ও সারসহ অন্তত ৮ জাহাজ ডুবি
অন্তত দেড় ডজন পণ্যবাহী জাহাজ ডুবে গেছে বলে নৌ-পুলিশ ধারণা করলেও নাম জানা গেছে আটটির।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মধ্যে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বিপুল পরিমাণ সিমেন্ট, সার ও বালুসহ অন্তত আটটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টদের ভাষ্য।
আরও বেশি জাহাজ ডুবে গেছে বলে নৌ-পুলিশ ধারণা করলেও নিশ্চিত হওয়া যায়নি।
শিবচরের কাঠাঁলবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহানুর আলী জানিয়েছেন, “প্রাথমিকভাবে অন্তত দেড় ডজন পণ্যবাহী জাহাজডুবির কথা শোনা গেলেও এখন পর্যন্ত ৮টি জাহাজের নাম নিশ্চিত হতে পেরেছি। জাহাজগুলোতে সার, সিমেন্ট ও বালু ছিল বলে জানতে পেরেছি।”
নৌ-পুলিশ আরও জানায়, সোমবার গভীর রাতে ঝড়ো বাতাসের কবলে পড়ে শিবচরের মাদবরচর ইউনিয়নের চায়নাখাল ও চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় নোঙর করে রাখা ৬শ মেট্রিক টন ইউরিয়া সারসহ এমভি সালসাবিল, ৫শ মেট্রিক টন সারসহ এমভি কাঁঠালবাড়ি, ৬ হাজার ৫শ বস্তা সিমেন্টসহ সাজেদা পরিবহন-২, ৯ হাজার বস্তা সিমেন্টসহ আলফি-৩, ১০ হাজার বস্তা সিমেন্টসহ সামির এন্ড মোহাম্মদ, ৯ হাজার ৫শ বস্তা সিমেন্টসহ এমভি আর এন এন্টারপ্রাইজ, ৮ হাজার ৫শ বস্তা সিমেন্টসহ এমভি মোহাম্মদীয়া-৪, ৬ হাজার বস্তা সিমেন্টসহ এমভি বসুন্ধরা-২৮ নামের জাহাজ ও বেশ কয়েকটি বালুবাহী জাহাজ ডুবে যায়।
খবর পেয়ে মঙ্গলবার বিকালে শিবচর থানা পুলিশ ও নৌ-পুলিশের দুইটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান শিবচর থানার এসআই রবিউল হাসান।
