২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মহাসড়কে ব্যবসায়ীকে ‘কুপিয়ে হত্যা’

নিহত মনিরের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাতের কথা জানিয়েছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 08:48 PM

Updated : 11 Sep 2022, 08:48 PM

কুমিল্লার বুড়িচংয়ে মহাসড়কে এক সবজি ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে, যাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।

রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোকাম ইউনিয়নের পরিহলপাড়া থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত মো. মনির হোসেন (৩৫) জেলার দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুজারভাঙ্গার প্রয়াত আলাউদ্দিনের ছেলে।

এ ঘটনায় রোববার বিকালে বুড়িচং থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মা রেহেনা বেগম।

রেহেনা বেগম জানান, মনির হোসেন একজন সবজি ব্যবসায়ী। ভ্যানগাড়িযোগে বুড়িচং উপজেলার নিমসার সবজি বাজার থেকে সবজি কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

রেহেনা বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মনির তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে ভ্যানগাড়ি দিয়ে সবজি কিনতে নিমসার বাজারের উদ্দেশে বের হয়ে রাতে মনির আর বাড়ি ফেরেননি। রোববার সকালে জানতে পারেন নিমসার বাজার সংলগ্ন এলাকায় মনিরের মরদেহ পড়ে আছে।

পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন বলে রেহেনা জানান।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ হাসান বলেন, “মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় নিহতের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত দেখতে পেয়েছি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে।”

বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।”