সুসংস্কৃত জনগোষ্ঠীর প্রত্যয়ে গোপালগঞ্জে সাংস্কৃতিক উৎসব
শিল্পকলা কর্মকর্তা বলছেন, শিশু-কিশোরদের মধ্যে সাংস্কৃতিক বলয় গড়তে কাজ করছেন তারা।
সুসংস্কৃত জনগোষ্ঠী গড়ে তোলার প্রত্যয় নিয়ে গোপালগঞ্জে ‘শিশু-কিশোর-যুব নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০২২’ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের অ্যাম্ফিথিয়েটারে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমি এই উৎসব আয়োজন করে, যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা।
রাত সাড়ে ১০টা পর্যন্ত এই উৎসব জমিয়ে তোলে শহরের মধুমতী নদীপার এলাকা।
জেলার তৃণমূল পর্যায়ের শিশুশিল্পী ঋত্বিক জিদান, দ্বীপান্বিতা পাণ্ডে, অরিত্র বাগচী, অমিত কর্মকার, সম্পদ বিশ্বাস, তাহারা আনজুম মোহনা, লাবণ্য বালা, শুভ বালা, সমীরণ বিশ্বাস, অনুস্কা বাইন ও মাহিয়া হক সারা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে উৎসবকে মুখরিত করে তোলে।
দর্শকরা শিশু-কিশোরদের পরিবেশনা উপভোগ করেন; প্রশংসা করেন।
অনুষ্ঠান উপস্থাপন করে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রতিমা হীরা তমা ও বিদ্যুৎ বালা।
গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির সংস্কৃতি কর্মকর্তা আল মামুন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হবে। সেই লক্ষ্য সামনে রেখে আমরা শিশু-কিশোরদের মধ্যে সাংস্কৃতিক বলয় গড়তে কাজ করছি। আগামী দিন এই শিশুরা বাংলাদেশর নেতৃত্ব দেবে। এদের সংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে গড়ে তুলতে পারলে এরা মানবিক, সৃজনশীল ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।”
