২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ধান খেতে পড়ে ছিল পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ

ওই গৃহবধূ পারিবারিক বিরোধের কারণে বাবার বাড়িতে বসবাস করছিলেন।

ময়মনসিংহে ধান খেতে পড়ে ছিল পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ

মৌসুমী আক্তারের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2023, 04:20 PM

Updated : 01 Mar 2023, 04:20 PM

ময়মনসিংহ সদর উপজেলায় ধান খেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে উপজেলার দাপুনিয়া গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ কামাল আকন্দ জানান। 

২৫ বছর বয়সী মৌসুমী আক্তার মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী। সুজন নারায়ণগঞ্জ সদর থানায় কর্মরত আছেন। 

শাহ কামাল আকন্দ বলেন, “মৌসুমীর সঙ্গে তার স্বামীর বিরোধ চলছিল। এরপর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।” 

“সকালে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।” 

পরে খবর পেয়ে স্বজনরা গিয়ে মৌসুমীর মরদেহ শনাক্ত করেন। 

ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূকে হত্যার পর ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।