গাজীপুরে শ্রমিক কলোনিতে পুড়ল অন্তত ‘২শ’ ঘর
ভোগড়া দক্ষিণপাড়ায় তিনটি টিনশেডের কলোনিতে ছোট ছোট বহু ঘর রয়েছে। উত্তর দিকের একটি ঘরে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে।
গাজীপুর নগরীতে ভয়াবহ আগুনে একটি শ্রমিক কলোনির অন্তত দুইশ ঘর পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, ভোগড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউরো জিন্স কারখানার শ্রমিক আশিকুর রহমান জানান, ভোগড়া দক্ষিণপাড়া (পেয়ারা বাগানের পাশে) এলাকায় লেহাজ উদ্দিনের মালিকানাধীন পাশাপাশি তিনটি টিনশেডের কলোনিতে ছোট ছোট বহু ঘর রয়েছে। উত্তর দিকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, এলাকার লোকজন স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনে ‘দেড় শতাতিক’ ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, আগুনের খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিটের কর্মীরা বের হন। ঘটনাস্থলে পৌঁছে তারা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
“আগুনে তিন সারিতে থাকা টিন শেডের বাড়ির অসংখ্য ঘর পুড়েছে। তাৎক্ষণিকভাবে ঘরের সংখ্যা, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানা যাবে।”
আগুনে কোনো হতাহতের খবরও তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দা সাংবাদিক আমিনুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সময় প্রচুর কোলো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। আগুন আতঙ্কে আশপাশের বাড়ির লোকজন বাড়ি ফেলে দিগবিদিক ছোটাছুটি শুরু করে। আগুনে ‘দুই শতাধিক’ ঘর ও মালামাল পুড়ে গেছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার মধ্যে পর্যাপ্ত রাস্তা না থাকায় আগুন নেভাতে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।
