ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদণ্ড
ইউপি নির্বাচনে নাশকতার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর এক নেতার ১৭ বছরের কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান।
দণ্ডপ্রাপ্ত মুয়াবিয়া হোসেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যানদের বিজয়ী করার জন্য নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল। সেজন্য তিনি অস্ত্র, গুলি ও বোমা সংগ্রহ করেছিলেন।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর এলাকার আমবাগানের মাটির নিচ থেকে একটি পাইপগান ও ছয়টি গুলি উদ্ধার করে। এ ব্যাপারে মামলা হয়। তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান ২০১৬ সালের ২৫ মে অভিযোগপত্র দেন।
আইনজীবী ইসমাইল হোসেন বাদশা বলেন, মামলায় একটি ধারায় ১০ বছর এবং আরেকটি ধারায় সাত বছর কারাদণ্ড দেন আদালত। সাজা যুগপৎভাবে চলবে। আসামির হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে।
