ঠাকুরগাঁওয়ের হরিপুরে গ্রেপ্তারের পর অসুস্থ যুবদল নেতা আকরাম হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
Published : 08 Apr 2024, 10:28 PM
ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে থাকা যুবদলের এক নেতার মৃত্যু নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দাবি করেছে, তিনি হৃদরোগে মারা গেছেন।
মাদক মামলায় গ্রেপ্তারের পরদিন সোমবার দুপুর ২টার দিকে অসুস্থ অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ওই যুবদল নেতা মারা যান বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
হরিপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন (৪০) দেহট্টহাট পুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে।
পুলিশের নির্যাতনে আকরামের মৃত্যু হয়েছে বলে দাবি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনের।
আকরামের স্ত্রী ফাতেমা আক্তার বলেন, “রোববার রাতে পুলিশ আমার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে থানায় গিয়ে তার সঙ্গে পরিবারের লোকজন দেখা করেন।
“ডায়াবেটিস ও হার্টের রোগী হওয়ায় তাকে কিছু ওষুধ দেওয়া হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে আমরা জানি না।”
মাদক মামলায় আকরামকে গ্রেপ্তারে বিষয়ে ফাতেমা আক্তার বলেন, “এর আগে তিনি কোনও মাদক মামলার আসামি ছিলেন না। এমনকি তিনি মাদক সেবনও করতেন না।”
পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাত ৯টার দিকে মাদক মামলার প্রধান আসামি আকরামসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে হরিপুর থানা পুলিশ। আদালতে পাঠানোর সময় আকরাম অসুস্থ বোধ করেন।
“তাৎক্ষণিক তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
চিকিৎসকের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, “হৃদরোগে আক্রান্ত হয়ে আকরাম মারা গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহনুজ্জামান বলেন, “দুপুর ১টা ৪৫ মিনিটে আকরামকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।”