সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক আনিসুর রহিম আর নেই
বুধবার সকাল দশটায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রয়াত এ সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অধ্যক্ষ আনিসুর রহিম আর নেই।
মঙ্গলবার দুপুরে সুন্দরবনে ভ্রমণের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সাবেক সভাপতি আনিসুর রহিমের মৃত্যুতে জেলার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরার বিভিন্ন সামাজিক আন্দেলনের এই অগ্রসেনানী সর্বশেষ ৩১ ডিসেম্বর সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা সম্মেলনে উপদেষ্টা নির্বাচিত হন। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন সংগঠনের শুরু থেকে শেষদিন পর্যন্ত।
প্রবীণ সাংবাদিক আনিসুর রহিম ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি। এ ছাড়া তিনি দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন। পরবর্তীতে পত্রিকাটি বন্ধ হয়ে গেলেও তিনি সাংবাদিকতা ছাড়েননি।
তিনি সাতক্ষীরা দিবানৈশ কলেজের শিক্ষক ছিলেন। তিনি সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ।
১৯৫৫ সালের ৭ মার্চ তারিখে নড়াইলে জন্মগ্রহণ করেন আনিসুর রহিম।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন, সাধারণ সম্পাদক রাশেদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আশেক মেহেদী, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক আবুল কাসেম ও সদস্য সচিব আমিনা বিলকিস ময়না।
বুধবার সকাল দশটায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রয়াত এ সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে জানানো হবে শেষ শ্রদ্ধা।
