সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই
আব্দুল কুদ্দুস দৈনিক সংবাদের বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
এ প্রবীণ সাংবাদিক বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল।
পরিবারের সদস্যরা জানান, গত ১৭ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল কুদ্দুসকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।
পরে কিছুটা সুস্থ হলে তাকে বাসায় নেওয়া হয়। এরপর থেকে এক মাসের বেশি সময় ধরে তিনি বাসায় শয্যাশায়ী ছিলেন।
আব্দুল কুদ্দুস দৈনিক সংবাদ পত্রিকার বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি এক মেয়ে রেখে গেছেন।
শুক্রবার জুমার পর সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থান মাঠে জানাজা শেষে তাকে সেখানেই তাকে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
