ইউএনওকে সচিব পরিচয়ে ফোন করে প্রতারণা, গ্রেপ্তার যুবক
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঢাকার নবাবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশফাক রাজীব হাসান জানান, উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শিবপুরের বাড়ি থেকে দেওয়ান মাহবুব হোসেনকে বুধবার গ্রেপ্তার করা হয়।
মাহবুব (২৭) ওই গ্রামের দেওয়ান আবুল কাশেমের ছেলে।
পরিদর্শক আশফাক বলেন, “অনৈতিক তদবীরের বিষয়ে ওই যুবক নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানকে মোবাইলে ফোন করে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয় দেয়।
“বিষয়টি সন্দেহ হলে ইউএনও পুলিশকে জানালে তারা মোবাইল নম্বরটি ট্র্যাক করে। পরে নম্বরটি ভুয়া বের হলে মাহবুবকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।”
মাহবুবের বিরুদ্ধে প্রতারণা ও সরকারি কর্মকর্তার পরিচয় দেওয়ার অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলার ইউএনও মতিউর রহমান বলেন, মাহবুব গত ৩০ অগাস্ট আমাকে একটি অনৈতিক তদবীরের ব্যাপারে মোবাইল ফোনে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয় দেয়। পরে পুলিশের মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায় যে, মাহবুব একজন প্রতারক।
