কাঁচা মরিচ: ৫০০ থেকে কমে এক রাতের ব্যবধানে ‘১০০ টাকা’
নারায়ণগঞ্জের দ্বিগুবাবুর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলাকালে কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
ঈদের বাজারেই বাড়তে শুরু করেছিল দাম, গত কয়েকদিন দেশের অন্যান্য স্থানের মতো নারায়ণগঞ্জেও কাঁচামরিচ বিক্রি হয়েছে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে।
তবে সোমবার সকাল থেকে কমতে শুরু করেছে দাম। শহরের প্রধান পাইকারি ও খুচরা বাজার দ্বিগুবাবুর বাজারে সকালে ২০০ থেকে ২৮০ টাকায় বিক্রি হলেও ভোক্তা অধিদপ্তরের অভিযান চলাকালে তা কমে দাঁড়ায় ১০০ টাকায়।
যদিও ভোক্তা অধিকারের দল বাজার ছেড়ে চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আবারও ২০০-২৮০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি করতে শুরু করেন ব্যবসায়ীরা।
বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ায় গত কয়েকদিনের তুলনায় কাঁচা মরিচের দাম প্রায় চারগুণ কমেছে।
অবশ্য ক্রেতারা মনে করেন, সংকট নয় বরং বাজার সিন্ডিকেটের কারণেই এ পণ্যটির দাম এত বেশি বেড়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবকেও দুষছেন তারা।
বঙ্গবন্ধু সড়ক দিয়ে দ্বিগুবাবুরবাজারের প্রবেশমুখে কথা হয় খুচরা বিক্রেতা মো. হোসেনের সঙ্গে।
তিনি কেজি প্রতি ২০০ টাকায় কাঁচা মরিচ বিক্রি করছিলেন। বললেন, “সবকিছু সরবরাহের উপর নির্ভর করে। এতদিন সরবরাহ কম ছিল তাই আড়তদাররা দাম বাড়িয়ে বিক্রি করেছেন। আমরাও বেশি দামে কিনেছি বলে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করেছি। এখন ভারত থেকে মরিচ আসায় সরবরাহ বেড়েছে, বাজারদর কমে গেছে।”
আগেরদিনও যে মরিচ ৫০০ টাকা কেজিতে বিক্রি করেছেন তা আজ ২০০ টাকায় বিক্রি করেছেন বলে জানালেন তিনি।
কামরুল ইসলাম নামে আরেক বিক্রেতা বলেন, “ঈদের ঠিক আগের রাতে ৮০০ টাকা কেজিতেও বাজারে মরিচ বিক্রি হইছে। আস্তে দাম কমছে। যেমনে কেনা পড়ে অমনে বিক্রি করি। আজকে ২৪০ টাকা বেচছি।”
মরিচের দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে বর্তমান দামও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বলেও উল্লেখ করলেন অনেকে।
বাজারে মরিচের দরদাম করছিলেন আমির হোসেন। তিনি বলেন, “হাজার টাকা কেজি কাঁচা মরিচের দাম ভাবাই যায় না। ঈদের একদিন আগে কাঁচা মরিচ কিনে রেখেছিলাম, দাম বাড়ার পর আর কিনিনি। এখন প্রয়োজন দেখে বাজারে এসেছি। আজকে যে দাম তাতে আপাতত চললেও কাঁচা মরিচের দাম আরও কম হওয়া উচিত।”
সবকিছু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে এমন অভিযোগ করে ক্রেতা দুলাল সাহা বলেন, “এইসব দেখার জন্য যারা আছে তারা চোখ-কান বন্ধ করে বসে থাকেন। আমদানি না থাকলে দাম বাড়বে ঠিক, কিন্তু তাই বলে আকাশচুম্বী দাম তো হতে পারে না। যথাযথ কর্তৃপক্ষের ব্যর্থতার কারণেই এসব হয়।”
সকাল পৌনে ১১ টার দিকে দ্বিগুবাবুর বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
এই সময় ক্রয়মূল্যের রসিদ দেখাতে না পারায় এক মরিচ বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ক্রয়মূল্যের পরিপ্রেক্ষিতে ১০০ টাকা দরে মরিচ বিক্রি করার নির্দেশ দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
ওই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিদের উপস্থিতিতে ১০০ টাকা কেজিতে মরিচ বিক্রি করা হলে ক্রেতাদের ভিড় জমে যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, “দু-একজন ক্রেতা বেশি দামে কিনেছেন জানালেও তারা মূল্যরসিদ দেখাতে পারছেন না। আসলে বিক্রেতারা বাজারের মধ্যে সিন্ডিকেট করে এখনও মরিচের দাম বেশি রাখছেন। কারণ এখন বাজারে প্রচুর মরিচের মজুদ আছে, মূল্য বেশি রাখার সুযোগ নেই। আমরা নিয়মতি বাজার মনিটরিং করছি।”
তবে কর্মকর্তারা চলে যাওয়ার আধ ঘণ্টা পর থেকে আবারও ২০০-২৮০ টাকায় মরিচ বিক্রি করা শুরু করেন বিক্রেতারা।
মো. ইউসুফ নামে এক বিক্রেতা বলেন, “৯০০ টাকা পাল্লা (৫ কেজি) দরে কিনছি। এখন খুচরা বাজারে কেজিতে ২০০ টাকা করে বিক্রি করতেছি। ম্যাজিস্ট্রেট কইসে ১০০ টাকায় বিক্রি করতে। এইটা তো পারমু না। তাইলে তো অনেক লস দিয়া বিক্রি করতে হইব।”
