২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগর থেকে আরেক ট্রলারসহ ২১ জেলে উদ্ধার

এ নিয়ে বঙ্গোপসাগর থেকে একই দিনে দুইটি ট্রলারসহ মোট ৪৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 06:57 PM

Updated : 21 Aug 2022, 06:57 PM

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভেসে থাকা আরেকটি মাছধরা ট্রলারসহ ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার দুপুরে ‘রিভার মেট’ নামের এই ট্রলার ও জেলেদের উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল জানিয়েছেন।

এ নিয়ে বঙ্গোপসাগর থেকে একই দিনে দুইটি ট্রলারসহ মোট ৪৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এর আগে সকালে ২৩ জেলেসহ একটি মাছধরা ট্রলার উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শাফিউল কিঞ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৬ অগাস্ট রামগতি থেকে ২১ জন জেলেসহ মাছধরা ট্রলার ‘রিভার মেট’ মাছ শিকারের জন্য সাগরে যায়। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১৭ অগাস্ট ট্রলারটি বিকল হয়ে পড়ে।

“গত ৫ দিন ধরে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে ভাসছিল। রোববার ট্রলারটি সুন্দরবনের আকরাম পয়েন্টের অদূরে ত্রিকোনা দ্বীপের কাছে ছিল। কোস্ট গার্ডের টহল দল ট্রলারটি দেখতে পেয়ে উদ্ধার করে।”

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত জেলেদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। তারা সবাই সুস্থ রয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে রোববার সকালে সাগরের মহীপুর মোহনা থেকে ৬ নটিক্যাল মাইল দূরে সাগরে ভাসমান ‘এফবি মায়ের দোয়া’ মাছধরা ট্রলার ও ২৩ জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড। ইঞ্জিন বিকল হয়ে গত পাঁচ দিন ধরে ট্রলারটি সাগরে ভাসছিল। পরে তাদের কুয়াকাটার নিজামপুর স্টেশনে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

বঙ্গোপসাগর থেকে চট্টগ্রামের ২৩ জেলেসহ ট্রলার উদ্ধার