বঙ্গোপসাগর থেকে চট্টগ্রামের ২৩ জেলেসহ ট্রলার উদ্ধার
কুয়াকাটার নিজামপুর স্টেশনে জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি মাছধরার ট্রলার ও ২৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার সকালে তাদের উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কেএম শাফিউল কিঞ্জল জানিয়েছেন।
উদ্ধার হওয়া সব জেলেদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। তারা কুয়াকাটার আলীপুরের মো. আল আমিনের কর্মচারী হিসেবে সাগরে মাছ শিকারে গিয়েছিলেন বলে কোস্টগার্ড জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কিঞ্জল বলেন, “মায়ের দোয়া নামের মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গত পাঁচদিন ধরে সাগরে ভাসছিলো। আমাদের একটি টহল দল সাগরে ট্রলার ভাসতে দেখে তা উদ্ধার করে কুয়াকাটার নিজামপুর স্টেশনে নিয়ে আসে। সেখানে জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং শুকনো খাবার দেয়া হয়।”
বর্তমানে সব জেলে সুস্থ রয়েছে এবং তাদের আলামিনের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান এ কোস্টগার্ড কর্মকর্তা।
