গাজীপুরে ছুরিকাঘাতে স্বতন্ত্রের কর্মী আহত, ঢাকা মেডিকেলে স্থানান্তর
পুলিশ বলেছে, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে; নির্বাচনি সহিংসতা নয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনের তিন সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজনকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
রোববার বিকালে টঙ্গী উপজেলার হাজি মাজার বস্তির সান্দারপাড়ে ট্রাক প্রতীকের প্রচারের সময় এ ঘটনা ঘটে বলে স্বতন্ত্র প্রার্থীর গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম জানান।
পুলিশ বলেছে, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে; নির্বাচনি কোনো সহিংসতা নয়।
আহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে লাল চান (৩৩), একই এলাকার প্রয়াত ফজলু মিয়ার স্ত্রী সাহিদা (৬২) ও ফিরোজ মিয়ার ছেলে শ্যামল (৩০)।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের স্টাফ নার্স মো. জহির উদ্দিন বলেন, লাল চানের বুকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিকাল ৪টার দিকে ওই তিনজনকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারানা বিন আনোয়ার।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, বেলা সাড়ে ৩টার দিকে ট্রাক প্রতীকের সমর্থকরা হাজি মাজার বস্তি এলাকায় প্রচারে যান। এ সময় কয়েকজন যুবক তাদের বাধা দিলে দুপক্ষে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির নজরুল সাংবাদিকদের বলেন, “লাল চান আমাদের সমর্থক। নৌকার সমর্থকরা প্রচারে বাধা দিলে লাল চান প্রতিবাদ করেন। এক পর্যায়ে তারা আমাদের কর্মীদের মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যান। বিষয়টি পুলিশকে জানিয়েছি।”
হামলার ঘটনাকে পূর্ব শত্রুতা উল্লেখ করে টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, “এটি বিচ্ছিন্ন একটা ঘটনা, নির্বাচনি সহিংসতা নয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করছে। রাত ১০টা পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।”
এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
