মাইক্রোবাসের ধাক্কায় বাইক আরোহী সাবেক কনস্টেবলের মৃত্যু
সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।
সিলেটের ওসমানীনগর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার তেরমাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক।
নিহত মো. শফিউল হাসান সানী (২৯) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের ভালকী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। গত ২৯ নভেম্বর চাকরিচ্যুত হন তিনি।
স্থানীয়দের বরাতে ওসি রাশেদুল বলেন, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সানীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও বালাগঞ্জ তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে তিনি জানান।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে; তবে চালককে আটক করা যায়নি বলে জানান ওসি।
