ঝিনাইদহে মায়ের ভরণপোষণ ‘না দেওয়ায়’ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা
দীর্ঘদিন সাইফুল্লাহ তার মাকে ভরণপোষণ দেন না; কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিলেন বলে মায়ের অভিযোগ।
ঝিনাইদহে ভরণপোষণ না দেওয়ার অভিযোগে সরকারি কর্মকর্তা ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন তার মা। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর তারা আদালত থেকে জামিন পেয়েছেন।
সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বুধবার রাতে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালত তাদের জামিন দেয়।
গ্রেপ্তার সাইফুল্লাহ ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত। তার স্ত্রীর নাম রুমা খাতুন।
মামলার বরাতে ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দীর্ঘদিন সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনকে ভরণপোষণ দেন না। কিছু বললে তিনি মাকে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিলেন।
তিনি জানান, এ নিয়ে জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে মামলা নেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশে বুধবার থানায় মামলা করা হয়। পরে রাতে ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের আদালত পরিদর্শক রবিউল ইসলাম খান জানান, বৃহস্পতিবার সাইফুল্লাহ ও রুমাকে আদালতে পাঠানো হলে তারা জামিন আবদন করেন। আদালত তাদের জামিন দিয়েছে।
