২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় ফের গাঁজা চাষের অভিযোগ, যুবক আটক

ওই যুবক বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজার চাষ করছিলেন বলে পুলিশ জানায়।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 02:32 AM

Updated : 04 Sep 2022, 03:14 AM

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক মাসের ব্যবধানে আবারও গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ।

এসময় গাঁজা চাষের অভিযোগে রাজা মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করা হয়।

শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরধুপুরিয়ার চরকান্দি এলাকার একটি বাড়িতে পরিপক্ক গাঁজাগাছটির সন্ধান মেলে বলে জাজিরা থানার এসআই মতিন জানান।

আটক রাজা ওই এলাকার ছমেদ মোল্লার ছেলে। তিনি বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজার চাষ করছিলেন বলে পুলিশের দাবি।

এর আগে গত ২২ জুলাই উপজেলার বড় গোপালপুর দেওয়ানকান্দির শিল্পপতি হারুন শিকদারের বাড়ি থেকে একটি, ৩১ জুলাই পূর্ব নাওডোবা ইউনিয়নের পৈলান মোল্লারকান্দি সুরুজ মোল্লার বাড়ি থেকে ১৩৫টি এবং একই ইউনিয়নের মাঝিরঘাট এলাকার পাইনপাড়া চরের কাছে বিদ্যুৎ সংযোগের জন্য স্থাপিত ৭ নম্বর পিলারের পাশের একটি স্থাপনার ছাদে একটি গাঁজাগাছ পাওয়া যায়।