২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাইয়ে বিএনপি-ছাত্রলীগ সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

পুলিশ বলছে, সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাউকেই কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

কাপ্তাইয়ে বিএনপি-ছাত্রলীগ সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 02:12 PM

Updated : 28 Aug 2022, 02:19 PM

রাঙামাটির কাপ্তাইতে একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এতে বলা হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। অপরদিকে একইদিন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষণা করে।

এ পরিস্থিতিতে জনজীবনের অসুবিধা ও উপজেলার স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা ও আশঙ্কা রয়েছে। তাই রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারা এই বিক্ষোভ সমাবেশের ডাক দেন। এই সমাবেশের জন্য তারা লিখিতভাবে কাপ্তাই উপজেলা প্রশাসনকে অবহিত করেন এবং মৌখিকভাবে অনুমতি নেন।

তিনি বলেন, “কিন্তু শনিবার জানতে পারলাম যে, একই স্থানে একই সময়ে সরকারি দলের একটি ছাত্র সংগঠন সমাবেশের ডাক দিয়েছে। ১৪৪ ধারা জারির মাধ্যমে এদেশে গণতন্ত্রকে নস্যাৎ করা হচ্ছে।”

কাপ্তাই উপজেলা পাঁচ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়েদ হোসেন জাবেদ বলেন, “১৪৪ ধারা জারি করায় আমরা আমাদের কর্মসূচি করছি না।”

এই বিষয়ে কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, শান্তি শৃঙ্খলার স্বার্থে তারা মাঠে আছে। সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাউকেই কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।