২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে নির্মাণাধীন ভবনে এইডিসের লার্ভা, দুজনকে জরিমানা

পৌর শহরের সরদার পাড়া ও একাডেমি নগর মহল্লার দুটি বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 01:34 AM

Updated : 28 Jul 2023, 01:34 AM

ডেঙ্গু রোগের বাহক এইডিস মশার উৎসস্থল পাওয়ায় জয়পুরহাট পৌরসভা এলাকার দুটি নির্মাণাধীন ভবন মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব বলেন, পৌর শহরের সরদার পাড়া ও একাডেমি নগর মহল্লার দুটি বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে। নির্মাণাধীন এ ভবনগুলোয় লিফট বসানোর জন্য রাখা খালি জায়গায় জমে থাকা পানিতে মশার লার্ভা ভেসে বেড়াতে দেখা গেছে। এইডিস মশার উৎস পাওয়ায় দুই ভবন মালিককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানে অনেক ভবনের ছাদবাগানে ফুলের টবে পানি জমে থাকতে দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, এমন অসচেতনতা খুবই হতাশাজনক। ভবন মালিকদের এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। 

অভিযানে জয়পুরহাট পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, শাহেদুল আহসান সোহেল, পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা হেলাল উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মামুনুর রশিদ, জয়পুরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা উপস্থিত ছিলেন।