জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
অভিযান চালিয়ে জামালপুরের মাদারগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নওগাঁর পোরশা উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান।
গ্রেপ্তার হাসান আলী (৪২) নওগাঁর পোরশা উপজেলার মহরপুর গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জানান, ভুক্তভোগী সাত বছরের শিশুটি দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত ১২ অগাস্ট দুপুরে সে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় তাকে একা পেয়ে ধর্ষণ করে হাসান আলী।
বাড়ি ফিরে শিশুটি তার মা-বাবাকে ঘটনা জানালে বাবা বাদী হয়ে ওই দিন রাতেই পোরশা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে হাসান পলাতক ছিলেন।
র্যাব কর্মকর্তা রফিকুল আরও জানান, মামলার পর থেকেই হাসানকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ এর সহায়তায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালায় র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
অভিযানে সোমবার বিকালে উপজেলা শহরের একটি বাড়ি থেকে হাসান আলীকে গ্রেপ্তার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার হাসানকে পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম।
