ফেনীর সাবেক শিবির নেতা ঢাকায় গ্রেপ্তার
ফেনীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে জানান ওসি।
ফেনী জেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন এ তথ্য জানান।
গ্রেপ্তার তারেক মাহমুদ রুবেল (৩৪) দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের বাসিন্দা।
ওসি নিজাম উদ্দিন, তারেক মাহমুদ রুবেল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল রোববার রাতে ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
“এ সময় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তারেককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় ২৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।”
তিনি আরও বলেন, আসামি তারেকের বিরুদ্ধে করা মামলাগুলোর বেশির ভাগই নাশকতার ও গাড়ি ভাঙচুরের।
সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
