২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলমারীতে ১ ঘণ্টা ট্রেন দাঁড় করিয়ে মানববন্ধন, ভোগান্তিতে যাত্রীরা

দাবি আদায় না হলে সামনে কঠোর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। 

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 11:35 AM

Updated : 30 Jul 2023, 11:35 AM

কুড়িগ্রামের চিলমারীতে বন্ধ ট্রেন চালু ও রেলপথ মেরামতের দাবিতে  মানববন্ধন করেছেন স্থানীয়রা। চিলমারী কমিউটার ট্রেন এক ঘণ্টা আটকে রেখে এ কর্মসূচি পালন করায় ভোগান্তিতে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা।

রোববার সকাল ৮টার দিকে চিলমারী, রৌমারী ও রাজিবপুর এলাকাবাসীর ব্যানারে রমনা রেল স্টেশনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি হয়।

মানববন্ধন বক্তব্য দেন স্থানীয় ইমরান সরকার, ছক্কু মিয়া, মমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, নিলয় ইসলাম, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম।

দাবি আদায় না হলে সামনে কঠোর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। 

বক্তারা বলেন, বন্ধ থাকা রমনা মেইল ট্রেনটি পুনরায় চালু করতে হবে। কারণ বর্তমানে যে কমিউটার ট্রেন চালু আছে সেটি সকাল ৮টায় রংপুর যায় কিন্তু চিলমারী ফিরে রাত ১২টার পর। তখন ট্রেনটি থাকে যাত্রীশূন্য অবস্থায়। তবে রমনা লোকাল ট্রেন চালু করলে সকালে জেলার উদ্দেশে রওনা করে কর্মজীবীরা কাজ শেষে দুপুরের ফিরতি ট্রেনেই বাড়ি ফিরতে পারবেন। এতে কর্মজীবী যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

তাই দ্রুত রেলপথ মেরামত ও লোকাল ট্রেন চালুর দাবি জানান তারা।

এদিকে, চিলমারী কমিউটার ট্রেন সকাল ৮টায় রংপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও মানববন্ধনের কারণে এক ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। এতে ভোগান্তির শিকার হয়েছেন অফিস, স্কুল, কলেজসহ কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন কাজে যাওয়া যাত্রীরা।