বরিশালে বাস চাপায় দুই ভ্যান যাত্রী নিহত, অবরোধ
গতিরোধক নির্মাণের দাবিতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ তিনজন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার।
নিহতরা হলেন- উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি এলাকার বাসিন্দা মো. ফজলুল হক (৭০) এবং একই এলাকার মো. জলিলের স্ত্রী পলি আক্তার (৪০)।
আহতরা হলেন- নিহত পলি আক্তারের কন্যা রাফিয়া (১৮), মানিককাঠি এলাকার মো. রাসেলের ছেলে মো. তাওহীদ (৪) এবং একই এলাকার ওহাব খাঁর ছেলে ও ভ্যানচালক জয়নাল (৪৫)।
এদিকে দুর্ঘটনার পর রহমতপুর ব্রিজ এলাকায় গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয়রা। প্রায় এক ঘণ্টা পর গতিরোধক নির্মাণ করে দেওয়ার আশ্বাসে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল শুরু হয় বলে রহমতপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমাসহ তিনি ঘটনাস্থলে এসে দ্রুত সময়ের মধ্যে গতিরোধক নির্মাণ করার আশ্বাস দিয়ে বিক্ষুদ্ধ এলাকাবাসীকে শান্ত করেছেন।
প্রত্যক্ষদর্শী রহমতপুর ব্রিজ এলাকার বাসিন্দা শেখ মো. সামসুল হুদা মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টার মানিককাঠি এলাকার চারজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি রহমতপুর ব্রিজে উঠছিলো। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ব্রিজের উপর থাকা যানবাহন পাশ কাটিয়ে উঠে বিপরীত দিক থেকে আসা ভ্যানটিকে চাপা দেয়।
এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে এক নারীসহ বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছেন। শিশুসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর জানান, বাসের চাপায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বাস চালক পালিয়েছেন। বাস ও ভ্যান উদ্ধার করা হয়েছে।
