২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ডা. অরূপরতন

“আমার এখন একটাই চাওয়া, নিজের শেষ সময়টুকুতে সিলেটের মাটি ও মানুষের কল্যাণে কাজ করা।”

সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ডা. অরূপরতন

দুপুরে এক মতবিনিময়ে কথা বলেন মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক অরূপরতন চৌধুরী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 12:01 AM

Updated : 09 Jul 2023, 12:01 AM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) আওয়ামী লীগের মনোনয়ন চান মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক অরূপরতন চৌধুরী।

শনিবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময়ে এ কথা জানান তিনি।

জীবনের শেষ সময়ে মানুষের জন্য নিজেকে নিবেদিত করতে চান জানিয়ে এই চিকিৎসক বলেন, “আমার শেকড় সিলেটে। এখন একটাই চাওয়া, সেটি হলো নিজের শেষ সময়টুকুতে সিলেটের মাটি ও মানুষের কল্যাণে কাজ করা।”

সিলেট-২ আসনকে এ অঞ্চলের ‘সবচেয় উপেক্ষিত’ এবং ‘অবহেলিত’ জনপদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের প্রতিটি এলাকা এখনও উন্নয়নবঞ্চিত। যোগ্য এবং দক্ষ জনপ্রতিনিধির অভাবে এবং এলাকার প্রতি দায়হীনতার কারণে এ আসনের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।

এসব এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি থাকলেও মানুষ তাকে সময়মতো কাছে পান না অভিযোগ করে অরূপরতন চৌধুরী বলেন, “আমি এই এলাকার সন্তান হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। উন্নয়নের মাধ্যমে উন্নত ও স্মার্ট এলাকা গড়তে চাই। আমার বিশ্বাস দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমাকে সিলেট-২ আসনে দলীয় মনোনয়ন দিয়ে অবহেলিত মানুষের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হলেও সিলেট-২ আসনে নির্বাচিত হন গণফোরামের মনোনয়নে নির্বাচন করা মোকাব্বির খান। সেসময় মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করে হেরে যান এই আসনের আগের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী।