Published : 11 Jan 2024, 12:03 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্লাস জানুয়ারি মাসেই শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
গত বছরের ১৮ থেকে ২২ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয়। কিন্তু প্রায় সাত মাস পরেও স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তি হওয়াদের সশরীরে ক্লাস শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।
এই শিক্ষাবর্ষের অন্য সব বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে গত নভেম্বরের শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে অনলাইনে ক্লাস চালু হয়।
তবে কর্তৃপক্ষ বলছে শতভাগ আবাসিক এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য হলে কোনো গণরুম থাকবে না নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৩০ নভেম্বর থেকে অনলাইনে ক্লাসের কার্যক্রম শুরু হয়। মূলত নতুন হল চালু না করে আমরা ক্লাস শুরু করতে চাইনি। শিক্ষার্থীদের জন্য গণরুম থাকবে না এ চিন্তা করেই অনলাইনে ক্লাস শুরু হয়েছিল। ”
তারিখ নিশ্চিত না করলেও তিনি বলেন, “হল চালু করে এ মাসেই আমরা সশরীরে ক্লাস শুরু করব।”
উপাচার্য আরও বলেন, “চার হাজার আসন বিশিষ্ট নতুন চারটি হল চালু হলে শিক্ষার্থীদের আসন নিয়ে কোনো সংকট থাকবে না বলে আমাদের বিশ্বাস। নতুন হলগুলোর ওয়ার্কঅর্ডার ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি, জানুয়ারি মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে হলের জনবল নিয়োগ সম্পন্ন হবে।
“নতুন হলগুলোর প্রাধ্যক্ষদেরও বলে দিয়েছি তারা যেন শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ শুরু করে। প্রাধ্যক্ষরা জানিয়েছে, তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, এ মাসেই আমরা নবীন শিক্ষার্থীদের হলে এলটমেন্ট দিয়ে সশরীরে ক্লাস শুরু করতে পারব।”
এদিকে আগের বর্ষের ক্লাস-পরীক্ষা সশরীরে শুরু না করেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
নিবন্ধক কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট ১২ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীদের জন্য ২১টি আবাসিক হল আছে। তবে এর মধ্যে চারটি এখনও চালু হয়নি।
সেগুলো চালু হলে আসন সংখ্যা দাঁড়াবে ১৪ হাজার ৩৬২টি। এর মধ্যে ছেলেদের ১১টি হলে আসন ৭ হাজার ৬২৬টি আর মেয়েদের ১০টি হলে আসন আছে ৬ হাজার ৭৩৬টি।