টেকনাফে ‘পাচারকারীদের’ নৌকায় মিলল কোটি টাকার আইস
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।
কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত এলাকা থেকে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার ভোরে উপজেলার নাফ নদীর জালিয়ারদিয়া সীমান্ত থেকে আইসগুলো উদ্ধার করেন তারা। সেগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।
তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদের ভাষ্য, নাফ নদীর জালিয়াদিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি কাঠের নৌকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।
“এ সময় তারা পানিতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি করে ১ কেজি ৩৫৩ গ্রাম আইস এবং ১০ কেজি ওজনের মাছ ধরার জাল পাওয়া যায়। ”
ক্রিস্টাল আইসসহ উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
