নীলফামারীতে দুপুর পর্যন্ত মিলছে না সূর্যের দেখা
শুক্রবার সৈয়দপুর উপজেলায় সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা।
নীলফামারীতে প্রতিদিনই নিচে নামছে তাপমাত্রার পারদ। ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে দুপুর পর্যন্তও আকাশে সূর্যের দেখা মিলছে না। জেলায় শীতের তীব্রতার সঙ্গে হাসপাতালেও বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীদের ভিড়।
শুক্রবার এই জেলার সৈয়দপুর উপজেলায় সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা। আগের দিন বৃহস্পতিবার সেখানে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করতে হয়েছে হেডলাইট জ্বালিয়ে। দুপুর একটার পর আকাশে সূর্যের দেখা মিললে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এছাড়া ঘনকুয়াশায় দৃষ্টিসীমা কম থাকায় সাময়িক বন্ধ থাকে সৈয়দপুর বিমান বন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ। এতে বিমানবন্দরে আটকা পড়ে ঢাকাগামী বেসরকারি দুটি এয়ারলাইনসের শতাধিক যাত্রী।
সৈয়দপুর বিমানবন্দরের ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা মো. লোকমান হাকীম জানান, শুক্রবার দেশের তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে জেলার সৈয়দপুর উপজেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঘন কুয়াশায় দুপুর ১২টা পর্যন্ত বিমান বন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার থেকে ২০০ মিটার।
কিন্তু ফ্লাইট উঠা-নামা করতে দুই হাজার মিটার দৃষ্টিসীমার প্রয়োজন। ফলে সকাল থেকে সৈয়দপুর বিমান বন্দরে কোনো বিমান উড্ডয়ন ও অবতরণ করেনি। পরে বেলা সাড়ে ১২টার পর প্রয়োজনীয় দৃষ্টিসীমা মিলায় বিমান উড্ডয়ন ও অবতরণ স্বাভাবিক হয়।
এদিকে তাপমাত্রার পারদ নিচে নামার সাথে সাথে হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর। শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. গোলাম রসুল রাকি বলেন, “প্রতিদিন আউটডোর ও ইনডোর মিলে সহস্রাধিক রোগী শীতজনিত রোগের চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজনীয় শয্যা এবং জনবলের তুলনায় রোগী বেশি হওয়ায় আমাদের হিমশিম খেতে হচ্ছে।
“এর পরেও আমরা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করছি।”
তিনি আরো জানান, গেল ২৪ ঘণ্টায় শীতজনিত ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে ৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ৩৪ জন এবং ১০ শয্যার শিশু ওয়ার্ডে ৬৪ শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ।”
এদিকে হাসপাতালে রোগীর ভীড় কমাতে এবং শিশুদের সুস্থ রাখার পরামর্শ জানিয়ে ওই হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার ডা. আব্দুল আউয়াল বলেন, এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হন শিশু ও বয়স্করা। রোগ থেকে তাদের দূরে রাখতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে।
“এজন্য শিশু ও বয়স্কদের ঘর থেকে বাহিরে বের না করা, পরিস্কার পরিচ্ছন্ন রাখা, গরম কাপড় দিয়ে শরীর জড়িয়ে রাখতে হবে, বাসী খাবার খাওয়ানো যাবে না।”
