২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামের রাস্তায় তরুণ-তরুণীর ঘোরাফেরা, হাসাহাসির জেরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা!

গুরুতর আহত রায়হানকে কুমিল্লা থেকে ঢাকায় স্থানান্তর করা হলে পথেই সে মারা যায়।

গ্রামের রাস্তায় তরুণ-তরুণীর ঘোরাফেরা, হাসাহাসির জেরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা!

স্কুলছাত্র রায়হানকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 06:17 PM

Updated : 09 Jan 2023, 06:47 PM

কুমিল্লার বুড়িচং উপজেলায় এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাতে উপজেলার শঙ্কুচাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান।

নিহত রায়হান খান (১৫) উপজেলার শঙ্কুচাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে গ্রামের হাফিজ মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী গিয়াস খানের ছেলে।

স্থানীয়দের বরাতে সোমবার দুপুরে পুলিশ জানায়, রোববার দুপুরে পাশের জগৎপুর গ্রাম থেকে কয়েকজন তরুণ-তরুণী শঙ্কুচাইল গ্রামে ঘোরাফেরা করতে আসে। এটা দেখে শঙ্কুচাইল গ্রামের কয়েক স্কুলছাত্র তাদের সামনে হাসাহাসি করে। এর মধ্যে রায়হানও ছিল।

এ নিয়ে ঘুরতে আসা তরুণদের সঙ্গে স্কুলছাত্রদের কথা কাটাকাটি ও বিতণ্ডা হয়। একপর্যায়ে শঙ্কুচাইল গ্রামেরই এক যুবক এসে দুইপক্ষকে চড়-থাপ্পড় দিয়ে শাসন করে সরিয়ে দেয়।

বিষয়টি শঙ্কুচাইল গ্রামের স্কুলছাত্ররা মেনে নিলেও জগৎপুর গ্রামের তরুণ-তরুণীদের ‘ইগোতে’ লাগে। তারা ফোন করে বিষয়টি গ্রামের লোকজনকে জানায়।

তখন জগৎপুর গ্রাম থেকে লোকজন এসে শঙ্কুচাইল গ্রামের স্কুলছাত্র ও লোকজনের ওপর হামলা চালায়। এ সময় রায়হানকে পিটিয়ে আহত করা হয়।

তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক। পথে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায় বলে বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন।

তিনি আরও বলেন, সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

নিহত রায়হানের মা রোজিনা আক্তার বলেন, “তুচ্ছ ঘটনায় আমার ছেলেকে খুন করেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”