২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীর

মোটরসাইকেল নিয়ে বেরিয়ে মুরগিবাহী পিকআপ ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে নিহত হন তারা।

ফরিদপুরে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীর

মো. নজরুল ইসলাম ও রায়হান মোল্যা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 11:50 AM

Updated : 19 Apr 2023, 12:02 PM

ফরিদপুরে মোটরসাইকেলের সঙ্গে মুরগিবাহী পিকআপ ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোমরপুরের মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানিয়েছেন।

পরস্পরের আত্মীয় নিহত দুই যুবক মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা হলেন- ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার পুত্র মো. নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)।

আহত অপর দুই জন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী, তবে বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

নিহতদের স্বজনদের বরাতে ওসি এম এ জলিল জানান, নজরুল ও  রায়হান প্রচণ্ড গরমের কারণে রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন।

“পথে মুরগিবাহী পিকআপ, যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নজরুল ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহত রায়হানকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।”

করিমপুর হাইওয়ে থানার ওসি এস. এম শহিদুর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

“আহত দুজনের একজন ফরিদুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং আরেকজনকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসক। ”

দুর্ঘটনায় কবলিত পিকাপ ও ইজিবাইক এবং মোটরসাইকেল উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে পিকাপের চালক পলাতক রয়েছে বলে জানান ওসি শহিদুর।