বাস বন্ধ ঝালকাঠিতে
জেলার অভ্যন্তরীণ দুটি রুটসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সঙ্গে দশ রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মহাসড়কে নসিমন-করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ঝালকাঠিতে দুইদিনের বাস ধর্মঘট শুরু হয়েছে।
বরিশাল বিভাগীয় বাস-মালিক শ্রমিক ফেডারেশনের ডাকা এ ধর্মঘট বিএনপির সমাবেশের আগের দিন শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে।
ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মাহাবুবুল হক দুলাল বলেন, “মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করা না হলে ৪৮ ঘণ্টার ধর্মঘট শেষে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ দুটি রুটসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সঙ্গে দশ রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শনিবার বিএনপি বরিশাল বিভাগীয় সমাবেশের আয়োজন করছে। এটা হবে তাদের পঞ্চম বিভাগীয় সমাবেশ। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে সমাবেশ হয়।
বিএনপির আগের কয়েকটি বিভাগীয় সমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট হয়েছে। এবারও একই পরিস্থিতির কথা মাথায় রেখে দলটির নেতাকর্মীরা বৃহস্পতিবার রাত থেকেই সমাবেশ স্থলে অবস্থান নিতে শুরু করেছেন; মাঠে ত্রিপল ও পলিথিন দিয়ে ছাউনী টানিয়ে রাত পার করেছেন।
এর আগে খুলনার সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রংপুরে পরিবহন ধর্মঘটের কারণে বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।
