বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নামে ‘ভুয়া আইডি’, থানায় জিডি
তিনি ধারণা করছেন, নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া আইডি দিয়ে তার নামে আপত্তিকর তথ্য প্রচার করা কোনো একটি পক্ষের উদ্দেশ্য।
বরিশালের বানারীপাড়ায় এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নামে ফেইসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি হয়েছে।
শুক্রবার রাতে ডায়েরি করা হয় বলে জানিয়েছেন বানারীপাড়া থানায় ওসি মাইনুল ইসলাম।
ডায়েরির বরাতে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মাওলাদ হোসেন সানার নামে ফেইসবুকে একটি ভুয়া আইডি চালু করা হয়েছে, এমন অভিযোগে তিনি জিডি করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জিডির নথি থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফেইসবুকে প্রবেশ করে সানা দেখতে পান, তার ছবি ব্যবহার করে Advocates maold hosan sana নামে একটি ভুয়া আইডি খোলা হয়েছে।
এ বিষয়ে মাওলাদ হোসেন সানা জানান, তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী। তিনি ধারণা করছেন, নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া আইডি দিয়ে তার নামে আপত্তিকর তথ্য প্রচার করা কোনো একটি পক্ষের উদ্দেশ্য। আইডির মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতেই তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
