চুয়াডাঙ্গায় পিকনিক বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাড়ি থেকে মোটরসাইকেলে করে তালসারি গ্রামে ফসলের মাঠে যাচ্ছিলেন মফিজউদ্দিন।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকনিকের বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত মফিজউদ্দিন (৬৪) দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদার তালসারি মোড়ে তিনি দুর্ঘটনায় পড়েন।
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর বলেন, মফিজউদ্দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে তালসারি গ্রামে ফসলের মাঠে যাচ্ছিলেন।
“তিনি তালসারি মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি পিকনিকের বাস তাকে ধাক্কা দেয়। মফিজউদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান মফিজউদ্দিন।
ময়নাতদন্তের জন্য তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
